অবসর নিলেই হাতে মিলবে হেলথ কার্ড, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল নবান্ন। এখন থেকে সরকারি কর্মীরা অবসর গ্রহণের দিনেই হাতে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এনরোলমেন্ট সার্টিফিকেট। বুধবার এই মর্মে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদপ্তর। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে অবসরের পর স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের টালবাহানা ও ভোগান্তি দূর হবে।
রাজ্য সরকারের সাম্প্রতিক বাজেট ঘোষণায় পেনশনভোগীদের জন্য চিকিৎসার সুবিধা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে রাজ্যের হেলথ স্কিমের আওতায় ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যেত। নতুন নিয়ম অনুযায়ী, প্যানেলভুক্ত হাসপাতালে চিকিৎসার খরচ ২ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে অতিরিক্ত ব্যয়ের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধার আওতায় আসবে। এই বর্ধিত সুবিধার মাঝেই এনরোলমেন্ট সার্টিফিকেটের দ্রুত প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
এতদিন নিয়ম ছিল, কোনো কর্মী অবসর নেওয়ার পর তাঁকে পেনশনভোগী হিসেবে নতুন করে হেলথ স্কিমে নাম নথিভুক্ত করতে হতো। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে নতুন সার্টিফিকেট হাতে পেতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যেত। ফলে অবসরের ঠিক পরেই কোনো কর্মচারী বা তাঁর পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়তেন। সেই জটিলতা কাটাতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে, অবসরের দিনেই সংশ্লিষ্ট কর্মীর নামে নতুন সার্টিফিকেট ইস্যু করা হবে।
নতুন এই ব্যবস্থা কার্যকর করতে পেনশন স্যাংশনিং অথরিটিকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো কর্মী অবসর নেওয়ার অন্তত এক মাস আগে থেকেই তাঁর এনরোলমেন্টের কাজ শুরু করতে হবে। সংশ্লিষ্ট কর্মী পেনশনের আবেদন করার সময় যে বিকল্প বেছে নেবেন, তার ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পুরো বিষয়টি মসৃণ করতে হেলথ স্কিমের পোর্টালেও প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। সরকারের এই পদক্ষেপে লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন।

