অব্যাহত ব্যর্থতায় বাদ পড়তে পারেন অভিষেক, জিম্বাবোয়ে ম্যাচে কি সুযোগ পাবেন সঞ্জু স্যামসন
চলতি বিশ্বকাপে রানমেশিন খ্যাত অভিষেক শর্মার টানা ব্যর্থতা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর তরুণ এই ওপেনারকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। গ্রুপ পর্বে এবং সুপার এইটের প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে, ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখায় ক্ষোভ বাড়ছে ক্রিকেটমহলে।
সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছেন যে, আগামী জিম্বাবোয়ে ম্যাচের আগে দলে বড়সড় রদবদল হতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদব প্রকাশ্য সমর্থনে অভিষেককে আগলে রাখলেও টুর্নামেন্টের সেমিফাইনালের সমীকরণ মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। বিশেষ করে নামিবিয়ার বিরুদ্ধে সংক্ষিপ্ত সুযোগে সঞ্জুর ঝোড়ো ব্যাটিং তাঁর অন্তর্ভুক্তির দাবিকে আরও জোরালো করেছে।
আগামী বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন ম্যাচ। এই ম্যাচে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে সেরা একাদশ নামাতে মরিয়া গৌতম গম্ভীর ও তাঁর কোচিং স্টাফ। ইশান কিষানদের জায়গা সুরক্ষিত থাকলেও অভিষেকের বদলে সঞ্জু স্যামসনকে খেলানোর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতীয় শিবির শেষ পর্যন্ত কোন পথে হাঁটে, এখন সেটাই দেখার।

