অভিষেককে সরালেই ফিরবেন পুরনো নেতারা! বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ
তৃণমূলের দীর্ঘদিনের সঙ্গী রবীন্দ্রনাথ ঘোষ দল ছেড়ে নতুন শিবিরে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা ও দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। উত্তরবঙ্গের প্রভাবশালী এই নেতার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতার অভাবই দলের বর্তমান ভরাডুবির অন্যতম কারণ। আইপ্যাকের মতো সংস্থাকে দলে জায়গা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলের সর্বনাশ ডেকে এনেছেন বলে মনে করছেন তিনি। রবীন্দ্রনাথের মতে, তৃণমূলের অনেক অভিজ্ঞ নেতাই এখন কোণঠাসা। অভিষেককে রাজনীতির বৃত্ত থেকে সরিয়ে রাখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত বহু নেতা ফের তাঁর ছায়াতলে ফিরে আসবেন।
নিজের দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা ও অবদানের কথা স্মরণ করে রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আদৌ কি আর প্রকৃত ক্ষমতা অবশিষ্ট আছে? তিনি দাবি করেছেন, অযোগ্য এবং দুর্নীতিতে অভিযুক্তদের হাতে দল পরিচালনার দায়িত্ব অর্পণ করায় সাধারণ কর্মীরা আজ নির্যাতনের শিকার হচ্ছেন। তৃণমূল নেত্রীর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা অটুট থাকলেও দলের বর্তমান কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন তিনি। উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রবীণ এই নেতা। দলত্যাগ করলেও আসল তৃণমূলের সুরক্ষাই তাঁর লক্ষ্য বলে তিনি পুনরায় উল্লেখ করেন।
