অভিষেকের মেগা পরিকল্পনা! ভোটারদের মন জিততে দুয়ারে দুয়ারে তৃণমূলের ত্রিমুখী টিম

আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের প্রসারে এক অভিনব কৌশল গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভবানীপুরের কর্মিসভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রত্যেক ভোটারের বাড়ি যাওয়ার। সেই নির্দেশকে হাতিয়ার করেই এবার রাজ্যজুড়ে তিন দফা জনসংযোগ কর্মসূচি সাজিয়েছে শাসকদল। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের ক্ষোভ-বিক্ষোভ এবং চাহিদার কথা সরাসরি শুনতেই এই মাস্টারপ্ল্যান কার্যকর করতে চলেছে ঘাসফুল শিবির।
দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের সদস্যদের নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। এই টিমে থাকছেন প্রায় ১০০ জন করে সদস্য, যারা ছোট ছোট দলে ভাগ হয়ে প্রত্যেক ভোটারের দরজায় পৌঁছাবেন। লক্ষ্য হলো পর্যায়ক্রমে তিনবার প্রতিটি বাড়িতে যাওয়া। প্রথমে ছাত্র সংগঠনের প্রতিনিধিরা যাবেন, এরপর যাবেন যুব এবং সবশেষে মহিলা সংগঠনের সদস্যরা। সাথে থাকবেন সংশ্লিষ্ট বিধানসভার পর্যবেক্ষকরা। এই ত্রিমুখী অভিযানের মাধ্যমে নিচুতলার মানুষের সাথে দলের সম্পর্ক আরও সতেজ করতে চাইছে তৃণমূল নেতৃত্ব।
বাড়ি বাড়ি গিয়ে এই প্রতিনিধি দল মূলত সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে খোঁজখবর নেবেন। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী বা কর্মশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট কোনো পরিবারে ব্যক্তিগত কোনো সমস্যা বা ক্ষোভ থাকলে, তার সমাধানের পথও বাতলে দেবেন এই কর্মীরা। গুরুতর কোনো সমস্যা সামনে এলে তা সরাসরি রাজ্যস্তরে জানানোর ব্যবস্থা করা হবে।
ইতিমধ্যেই জেলাস্তরে এই প্রচার কৌশলের কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও ওয়ার্ড ভিত্তিক এই জনসংযোগ কর্মসূচি দ্রুত চালু হতে চলেছে। প্রার্থীদের নিজস্ব প্রচারের পাশাপাশি এই পৃথক তিনটি টিম প্রতিটি ওয়ার্ড ও ব্লকের ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত ভোটারদের ব্যক্তিগত সুবিধা-অসুবিধা শোনা এবং দলের প্রচারপত্র পৌঁছে দেওয়ার মাধ্যমেই মানুষের বিশ্বাস অর্জন করতে চাইছে তৃণমূল কংগ্রেস।
