অভ্যন্তরীণ রক্তক্ষরণ দ্রুত নিয়ন্ত্রণে মার্কিন গবেষণায় সাফল্য, নজর কাড়লেন এরাজ্যের ভূমিপুত্র
কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজির বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তনী সপ্তর্ষি বিশ্বাস আন্তর্জাতিক স্তরে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটির গবেষকদলের সদস্য হিসেবে তিনি এমন এক অভিনব ‘বায়োমেটেরিয়াল’ তৈরি করেছেন, যা শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ অত্যন্ত দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম। এই উদ্ভাবন ট্রমা কেয়ার ও জরুরি চিকিৎসা পরিষেবায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
গবেষণায় দেখা গেছে, প্রচলিত পদ্ধতিতে রক্ত জমাট বাঁধতে যেখানে গড়ে প্রায় সাত মিনিট সময় লাগে, সেখানে এই নতুন উপাদানটি মাত্র এক মিনিটের মধ্যেই রক্তপাত বন্ধ করতে পারে। বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনা বা গভীর অভ্যন্তরীণ ক্ষতের ক্ষেত্রে, যেখানে প্রচলিত চিকিৎসার সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এই প্রযুক্তি প্রাণসংশয় কমাতে কার্যকর ভূমিকা নেবে। চিকিৎসকদের মতে, দ্রুত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সংকটজনক রোগীদের বাঁচানো অনেক সহজ হবে।
সপ্তর্ষির এই সাফল্যে গর্বিত তাঁর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান। হেরিটেজ গোষ্ঠীর সিইও প্রদীপ আগরওয়াল এবং অধ্যক্ষ ড. বাসব চৌধুরী জানিয়েছেন, তাঁর এই আন্তর্জাতিক মানের গবেষণা ও কঠোর অধ্যবসায় বিশ্বমঞ্চে বাংলার মেধার স্বাক্ষর রেখেছে। উদ্ভাবনী মানসিকতা ও সঠিক দিশা থাকলে যে সমাজোপযোগী গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব, সপ্তর্ষির এই কৃতিত্ব তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর এই সাফল্যে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

