অমানবিকতার চরম সীমা! মিষ্টি খাওয়ার অপরাধে শিশুকে জ্বলন্ত চুল্লিতে নিক্ষেপ!

উত্তরপ্রদেশের বস্তি জেলায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে সামান্য রসগোল্লা খাওয়ার অপরাধে ১১ বছর বয়সী এক শিশুকে জ্বলন্ত তন্দুর চুল্লিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে এক ক্যাটারিং কর্মীর বিরুদ্ধে। দ্বিতীয় শ্রেণির ছাত্র চমন বর্তমানে লখনউ মেডিকেল কলেজে গুরুতর দগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মা-হারা শিশুটি দিদিমার সঙ্গে বিয়েবাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে এসে এই নৃশংস ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোজ চলাকালীন শিশুটি বারবার রসগোল্লা খাচ্ছিল দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত ক্যাটারিং কন্ট্রাক্টর। রাগের মাথায় তিনি শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের জ্বলন্ত তন্দুর চুল্লিতে ছুড়ে ফেলেন। উপস্থিত অতিথিরা চিৎকার শুনে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করলেও তার শরীরের উপরিভাগ মারাত্মকভাবে পুড়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় পুলিশ মামলা দায়ের করেছে এবং অপরাধীকে ধরতে চিরুনি অভিযান শুরু করেছে।
