লেটেস্ট নিউজ

অমিত শাহের মেগা সফর: মমতার সরকারের বিরুদ্ধে আজ ‘চার্জশিট’ প্রকাশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তিলোত্তমায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছান। রাতেই দলের শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনের কৌশল নির্ধারণে এক সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন বিজেপির এই হেভিওয়েট নেতা। শাহের এই সফরকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে।

আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে এক রাজনৈতিক দলিল বা ‘চার্জশিট’ প্রকাশ করবেন অমিত শাহ। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এই দলিলের মাধ্যমে রাজ্যের অনুন্নয়ন ও অপশাসনের বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরা হবে। ইতিমধ্যে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশিত হলেও, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে এই প্রচারকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে পদ্ম শিবির।

দলীয় সূত্রে খবর, আজ দফায় দফায় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সারবেন তিনি। বিশেষত, এখনও পর্যন্ত অমীমাংসিত থাকা ১৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে প্রচারের রণকৌশল সাজানোই এখন শাহের সফরের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *