অমিত শাহের সভাকে জেসিবি দিয়ে মাটি কাটার সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির পরিবর্তন যাত্রায় লোক সমাগম নিয়ে জোরালো আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে এক পাল্টা জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, বিজেপির পরিবর্তন যাত্রায় যে পরিমাণ ভিড় হচ্ছে, তার চেয়ে জেসিবি দিয়ে মাটি কাটা দেখতেও বেশি মানুষ ভিড় জমাবে।
এদিন মথুরাপুরের সভা থেকে অভিষেক দাবি করেন, পাঁচদিন আগে এই একই জায়গায় অমিত শাহ সভা করলেও সেখানে লোক সমাগম ছিল অত্যন্ত নগণ্য। ক্যামেরায় শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রীকেই দেখানো হয়েছে, কারণ উল্টোদিকে হাতে গোনা মানুষ উপস্থিত ছিলেন। এর বিপরীতে তৃণমূলের সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজ্যের ঋণের বোঝা নিয়ে অমিত শাহের তোলা অভিযোগের পাল্টায় পরিসংখ্যান তুলে ধরেন অভিষেক। তিনি জানান, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে দেশের ঋণ ছিল ৫৬ লক্ষ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৯৭ লক্ষ কোটি টাকায়। অভিষেকের দাবি, বর্তমানে ভারতে কোনো শিশু জন্মালে তার মাথায় ১ লক্ষ ৪৪ হাজার টাকার ঋণের বোঝা চাপছে এবং এর জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহ দায়ী। এই তথ্য ভুল প্রমাণিত হলে তিনি আইনি চ্যালেঞ্জ গ্রহণ করতেও প্রস্তুত বলে জানান।
নারী নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহের সমালোচনার জবাবে এনসিআরবি-র রিপোর্টের কথা মনে করিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তথ্য দিয়ে জানান যে, মহিলাদের ওপর নির্যাতনের তালিকায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান শীর্ষস্থানে রয়েছে। বাংলার উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বিজেপিশাসিত কোনো রাজ্য মমতার সরকারের মতো কাজ করে দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ করলে পরিসংখ্যানের লড়াইয়ে বিজেপিকে ‘১০-০ গোলে মাঠছাড়া’ করার হুঁশিয়ারিও দেন তৃণমূল সাংসদ।

