অযোধ্যায় মহাযজ্ঞের শেষ দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত শতাধিক হোমকুণ্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের অযোধ্যায় সরযূ নদীর তীরে আয়োজিত শ্রী লক্ষ্মী নারায়ণ মহাযজ্ঞে শনিবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজঘাট এলাকায় রাম নবমী উপলক্ষে আয়োজিত এই মহাযজ্ঞের শেষ দিনে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোটা যজ্ঞস্থলে ছড়িয়ে পড়লে সেখানে থাকা ১২৫১টি হোমকুণ্ডের মধ্যে শতাধিক কুণ্ড পুড়ে ছাই হয়ে যায়।
২০ মার্চ থেকে শুরু হওয়া এই ধর্মীয় অনুষ্ঠানে উত্তরপ্রদেশের পরিবহণমন্ত্রী দয়াশঙ্কর সিং ও বিধায়ক অভয় সিং উপস্থিত ছিলেন। আগুনের তীব্রতায় ভক্ত ও আয়োজকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ালেও যজ্ঞের মূল আচার শেষ হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে জনবহুল এই ধর্মীয় অনুষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

