অলিগলির নিরাপত্তা নিশ্চিত করতে এবার কমিশনের নিজস্ব বাইক বাহিনী!

বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার নতুন কৌশল গ্রহণ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের ঘিঞ্জি এলাকা ও অলিগলির বুথগুলোতে দ্রুত নজরদারি ও অশান্তি রোখার লক্ষ্যে কমিশন নিজস্ব ‘বাইক বাহিনী’ নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা গৃহীত হয়। বিশেষ করে কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার মতো ঘনবসতিপূর্ণ জেলাগুলোতে, যেখানে বড় পুলিশি গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব নয়, সেখানে দ্রুত পদক্ষেপ নিতে প্রতিটি থানার কাছে প্রয়োজনীয় বাইকের তালিকা চেয়েছে কমিশন।
পাশাপাশি, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন। স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে, নির্বাচনের কোনো প্রত্যক্ষ কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যাবে না। বিশেষ করে পুলিশের পোশাক পরিয়ে তাঁদের কাজে লাগানোর বিষয়টি কমিশন ভালোভাবে নেয়নি। এই নির্দেশ অমান্য করলে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
