অষ্টম বেতন কমিশন: ন্যূনতম বেতন ৫৪ হাজার ও পুরনো পেনশন চালুর দাবিতে সরব জেসিএম – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন এবং বেতন কাঠামো সংশোধনে একগুচ্ছ জোরালো দাবি পেশ করেছে ন্যাশনাল কাউন্সিল জেসিএম (জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি)। জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে আইক্রয়েড ফর্মুলার ভিত্তিতে ন্যূনতম মূল বেতন বর্তমান ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থেকে ৩.২৫-এর মধ্যে নির্ধারণের দাবি জানানো হয়েছে।
পেনশনভোগীদের জন্য জেসিএম ন্যূনতম মাসিক পেনশন ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। বর্তমানে ৮০ বছর বয়স থেকে অতিরিক্ত পেনশন দেওয়ার নিয়ম থাকলেও, স্বাস্থ্যসেবার খরচ বিবেচনায় ৬৫, ৭০ এবং ৭৫ বছর বয়স থেকেই ধাপে ধাপে অতিরিক্ত ৫% থেকে ১৫% পেনশন বৃদ্ধির দাবি উঠেছে। এছাড়া অবসরের সময় ছুটি নগদায়নের সীমা ৩০০ দিন থেকে বাড়িয়ে ৪০০ দিন এবং বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫-৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কর্মচারী সংগঠনগুলোর অন্যতম প্রধান দাবি হলো বাজার-সংযুক্ত এনপিএস বা ইউপিএস বাতিল করে পুরনো পেনশন স্কিম (ওপিএস) ফিরিয়ে আনা। জেসিএম-এর মতে, শেয়ার বাজারের অস্থিরতায় কর্মচারীদের জমানো অর্থ ঝুঁকির মুখে পড়ছে, তাই পেনশনের পূর্ণ নিশ্চয়তা প্রয়োজন। পাশাপাশি ৫০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) মূল বেতনের সঙ্গে একীভূত করার দাবিটিও গুরুত্বের সঙ্গে সরকারের কাছে পেশ করা হয়েছে।

