অষ্টম বেতন কমিশনের আগেই বড় চমক, জুলাই থেকে ৬৩ শতাংশ মহার্ঘ ভাতার সম্ভাবনা! – এবেলা

অষ্টম বেতন কমিশনের আগেই বড় চমক, জুলাই থেকে ৬৩ শতাংশ মহার্ঘ ভাতার সম্ভাবনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশনের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসার সম্ভাবনা তৈরি হয়েছে। দিল্লিতে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী জুলাই মাসেই কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বর্তমান ৬০ শতাংশ থেকে এক ধাক্কায় বেড়ে ৬৩ শতাংশ হতে পারে।

কীসের ভিত্তিতে বাড়ছে মহার্ঘ ভাতা

কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। মূলত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য, আবাসন, পরিবহন ও স্বাস্থ্যসেবার দাম বৃদ্ধির প্রভাব থেকে কর্মীদের ক্রয়ক্ষমতা রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICP-IW)-এর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে এপ্রিলে সূচক ও খুচরো মূল্যস্ফীতি দুই-ই বৃদ্ধি পেয়েছে। গত ১২ মাসের গড় এবং নির্ধারিত লিঙ্কিং ফ্যাক্টর হিসাব করলে ডিএ-এর মান দাঁড়ায় প্রায় ৬২.৫১ শতাংশ। ফলে আসন্ন জুলাই মাসে তা ৬৩ শতাংশে পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও মে ও জুন মাসের পরিসংখ্যান যাচাই করে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

অষ্টম বেতন কমিশনের দাবি ও সম্ভাব্য প্রভাব

মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে তা কর্মী ও পেনশনভোগীদের দৈনন্দিন ব্যয়ভার সামলাতে অনেকটাই সাহায্য করবে। তবে কর্মী সংগঠনগুলির মতে, বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় বিদ্যমান বেতন কাঠামো পর্যাপ্ত নয়। তাই ডিএ বৃদ্ধির পাশাপাশি অষ্টম বেতন কমিশন নিয়েও সরকারের কাছে একাধিক দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ন্যূনতম মূল বেতন সংশোধন, উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর চালু, মূল বেতনের সঙ্গে ডিএ-র একীকরণ এবং একটি শক্তিশালী পেনশন সুরক্ষা ব্যবস্থা তৈরি করার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *