অস্ত্রধারী নকশাল শেষ, এবার ‘দিমাগি’ উগ্রপন্থীদের হুঁশিয়ারি মোদীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং উগ্রপন্থা দমনে গত এক দশকের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পরেই নকশালবাদের বিরুদ্ধে শূন্য-সহনশীল নীতি গ্রহণ করা হয়। ফলে দীর্ঘদিনের রক্তক্ষয়ী অধ্যায়ের অবসান ঘটে আজ সেই সমস্ত অঞ্চলে উন্নয়নের বাতাস বইছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিগত চার-পাঁচ দশক ধরে দেশের এক বড় অংশ নকশালপন্থীদের নিয়ন্ত্রণে ছিল। তাদের কারণে হাজার হাজার যুবকের জীবন ধ্বংস হওয়ার পাশাপাশি সাড়ে তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশকে সশস্ত্র নকশালমুক্ত করার যে লক্ষ নেওয়া হয়েছিল, তা আজ সাফল্যের দৌড়গোড়ায়।
তবে সশস্ত্র নকশালদের তেজ কমলেও এখনই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বন্দুকধারী উগ্রপন্থীরা দমন হলেও ‘দিমাগি’ বা বিবেকহীন উগ্রপন্থীরা এখনো দেশের অভ্যন্তরে সক্রিয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই ইঙ্গিত মূলত শহুরে নকশাল বা বুদ্ধিবৃত্তিক ছদ্মবেশে থাকা দেশবিরোধী শক্তিগুলোর দিকেই, যারা দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত করার চক্রান্তে লিপ্ত।
