আইআইটি অধিকর্তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কটাক্ষ প্রিয়ঙ্কার! প্রতিবাদে সরব ২১৫ জন শিক্ষাবিদ – এবেলা

আইআইটি অধিকর্তাকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ কটাক্ষ প্রিয়ঙ্কার! প্রতিবাদে সরব ২১৫ জন শিক্ষাবিদ – এবেলা

এবেলা ডেস্কঃ

পরীক্ষা সংস্কার কমিটির সদস্য তথা আইআইটি (IIT) মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি কামকোটিকে পরোক্ষভাবে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষ করার অভিযোগে তীব্র বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রিয়ঙ্কাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশের ২১৫ জন বর্তমান ও প্রাক্তন উপাচার্য এবং প্রখ্যাত শিক্ষাবিদ।

সম্প্রতি লোকসভায় ‘পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল’ নিয়ে আলোচনাকালে প্রিয়ঙ্কা গান্ধী সরাসরি কারও নাম না নিলেও, পরীক্ষা সংস্কারের টাস্ক ফোর্সের সদস্য কামকোটিকে নিশানা করেন বলে অভিযোগ।

এর জবাবে ২১৫ জন শিক্ষাবিদ তাঁদের তিন পাতার খোলা চিঠিতে গভীর হতাশা প্রকাশ করে জানান, কোনো তথ্য বা যুক্তি ছাড়া একজন শীর্ষস্থানীয় বিজ্ঞানীকে এভাবে ব্যক্তিগত তকমা দিয়ে খারিজ করা অত্যন্ত নিন্দনীয়। এটি ভারতীয় সংবিধানে উল্লেখিত ‘বৈজ্ঞানিক মানসিকতা’র (scientific temper) পরিপন্থী। রাজনৈতিক ভয়ে বিজ্ঞানীরা যাতে জনস্বার্থের আলোচনা থেকে পিছিয়ে না যান, তা নিশ্চিত করার দাবিও জানান তাঁরা।

চিঠিতে অধ্যাপক কামকোটির শিক্ষাগত ও বৈজ্ঞানিক যোগ্যতার কথা বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইআইটি মাদ্রাজ থেকেই কম্পিউটার সায়েন্সে পিএইচডি করা কামকোটির ১৫০টিরও বেশি আন্তর্জাতিক গবেষণাপত্র রয়েছে। পাশাপাশি ভারতের প্রথম শিল্পমানের (industry-grade) মাইক্রোপ্রসেসর তৈরির মূল কারিগর তিনিই। বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য তিনি ইতিমধ্যেই ‘ডিআরডিও অ্যাকাদেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *