আইনজীবী নিয়োগ নিয়ে চরম নাটক! সিয়ার ভাইয়ের বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ
পুনে: কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্তের মাঝেই এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন অভিযুক্ত সিয়া গোয়েলের ভাই সাহিল গোয়েল। নিজের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে সাহিলকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠালেন সিয়ার হয়ে সওয়াল করা আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব।
মূল বিবাদ কোথায়?
পুনে লোহাগড় দুর্গ হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গোয়েলের হয়ে কে আদালতে লড়বেন, তা নিয়েই তৈরি হয়েছে এই বিবাদ। সোমবার ভাদগাঁও মাভাল আদালতে শুনানির সময় আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব দাবি করেন, সিয়া নিজেই তাঁকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন এবং তিনি আদালতে সই করা ওকালতনামাও পেশ করেন।
পাল্টা দাবিতে সিয়ার ভাই সাহিল গোয়েল সরব হন। তিনি প্রকাশ্যে দাবি করেন, পরিবার আশুতোষ শ্রীবাস্তবকে নিয়োগ করেনি। বরং তাঁরা আইনজীবী বিপুল দুশিংয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সাহিলের আরও অভিযোগ, ওকালতনামায় সিয়ার যে সই দেখানো হচ্ছে, তা প্রতারণা করে নেওয়া হয়েছে।
১০ কোটির নোটিস ও আইনি হুঁশিয়ারি
সাহিলের এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেন আশুতোষ শ্রীবাস্তব। তাঁর দাবি, তিনি বৈধভাবেই সিয়ার আইনি লড়াই লড়ছেন। সাহিল গোয়েলের এই অভিযোগ তাঁর পেশাগত স্বচ্ছতাকে কালিমালিপ্ত করেছে বলে দাবি আইনজীবীর। নোটিসে তিনি স্পষ্ট জানিয়েছেন:
- প্রকাশ্যে নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।
- বিনাশর্তে ক্ষমা চাইতে হবে।
- অন্যথায় সাহিলের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালের রহস্যমৃত্যু ঘটে। প্রথমে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও, পরবর্তী তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়। মামলায় সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। খুনের ঘটনার পাশাপাশি এখন অভিযুক্তের আইনজীবী নিয়োগ নিয়ে এই আইনি টানাপোড়েন মামলাটিকে নতুন মোড় দিয়েছে।
