আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ: জামিন অযোগ্য ধারায় মামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 27, 202610:06 am
সিপিএম ঘনিষ্ঠ আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে তাঁরই এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্তা করার গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিতা জুনিয়র আইনজীবীর অভিযোগের ভিত্তিতে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় ফিরদৌস শামিমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বে আলিমুদ্দিন স্ট্রিটেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা।
অভিযোগকারী জানিয়েছেন, গত বছর ফিরদৌস শামিমের চেম্বারে যোগ দেওয়ার পর থেকেই তিনি শ্লীলতাহানি ও কুরুচিকর আচরণের শিকার হন। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় যৌন হেনস্তা, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অন্যায়ভাবে আটকে রাখার মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিতা সশরীরে থানায় এসে তাঁর বয়ান নথিভুক্ত করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এই বিষয়ে অভিযুক্ত আইনজীবীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আদালত ও রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

