আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ, অন্যান্য মামলায় রায় আজ!

আইনজীবী সাইফুল হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ, অন্যান্য মামলায় রায় আজ!

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। বর্তমানে চট্টগ্রামের নিম্ন আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছি বিধায় হাইকোর্ট জামিনের রুলটি খারিজ (ডিসচার্জ) করার সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার প্রেক্ষাপট ও আইনি জটিলতা

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেই গোলমালের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর আলিফের বাবা একটি মামলা দায়ের করেন, যেখানে চিন্ময় কৃষ্ণকেও অন্যতম অভিযুক্ত করা হয়। এর আগে জাতীয় পতাকা অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।

অন্যান্য মামলার বর্তমান স্থিতি

আইনজীবী হত্যা মামলার পাশাপাশি চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো আরও চারটি পৃথক মামলা রয়েছে। ওই চার মামলায় জামিন আবেদনের ওপর রায়ের জন্য আদালত আজ সোমবার দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন, অন্যদিকে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জামিনের সওয়াল করেন। বর্তমানে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন এই সনাতনী নেতা। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলমান থাকায় আইনি লড়াই আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *