আইপিএল শেষে কি বিদায় নেবেন ধোনিসহ ৫ মহাতারকা? শুরু জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল-এর নতুন মরশুম। বিসিসিআই ইতিমধ্যেই প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে। তবে এই উন্মাদনার মাঝেই ক্রিকেট বিশ্বে বিষাদের সুর। সূত্রের খবর, বয়স, ফিটনেস ও দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে এবারের আইপিএল শেষে অবসর নিতে পারেন পাঁচ কিংবদন্তি ক্রিকেটার।
অবসরের তালিকায় শীর্ষে রয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৫ ছুঁইছুঁই ধোনির এটিই সম্ভবত শেষ মরশুম হতে চলেছে। তালিকায় আরও আছেন কেকেআর-এর ভরসা সুনীল নারিন ও অজিঙ্ক রাহানে। এছাড়া ভারতীয় পেসার ইশান্ত শর্মা এবং অস্ট্রেলিয়ার বাঁ-হাতি বোলার মিচেল স্টার্কও এই কোটিপতি লিগ থেকে বিদায় নিতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
এই মহাতারকারা দীর্ঘ বছর ধরে আইপিএল-কে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ধোনির নেতৃত্বে চেন্নাই পাঁচটি ট্রফি জিতেছে, অন্যদিকে নারিন ও স্টার্করা নিজ নিজ দলের সাফল্যে রেখেছেন অসামান্য অবদান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকেই ইতিপূর্বেই অবসর নিয়েছেন, তাই ভক্তদের ধারণা—প্রিয় তারকাদের মাঠ মাতানো দেখার এটাই শেষ সুযোগ। মাঠের লড়াই শেষে এই মহাতারকাদের বিদায় সংবর্ধনা আইপিএল-কে আবেগঘন করে তুলবে।

