আইপিএল শেষেই বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি! কোটি কোটি ভক্তের মনে আশঙ্কার মেঘ – এবেলা
এবেলা ডেস্কঃ
চেন্নাই সুপার কিংসের অন্দরমহলে এখন একটাই প্রশ্ন— আইপিএল ২০২৬-ই কি মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম? প্রাক্তন সতীর্থ রবিন উথাপ্পার দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। উথাপ্পার মতে, ধোনি এবার নিজেকে অনেকটাই গুটিয়ে নিতে পারেন। এমনকি ব্যাটিং অর্ডারের সাত নম্বর ছেড়ে আট নম্বরেও নেমে যেতে পারেন তিনি। ধোনির লক্ষ্য এখন রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে পূর্ণ স্বাধীনতা দেওয়া এবং দলকে মেন্টর হিসেবে গাইড করা।
অন্যদিকে, রাজস্থান রয়্যালস থেকে ট্রেডের মাধ্যমে সঞ্জু স্যামসন সিএসকে-তে আসায় জল্পনা আরও বেড়েছে। সঞ্জু কি তবে ধোনির উত্তরসূরি? সিএসকে সিইও কাশী বিশ্বনাথন অবশ্য জানিয়েছেন, ধোনি কিপার-ব্যাটার হিসেবে খেলবেন নাকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে, তা সম্পূর্ণ ক্রিকেটীয় সিদ্ধান্ত। তবে ব্যাটে-বলে যাই হোক, মাঠের বাইরেও ধোনি যে মেন্টর হিসেবে হলুদ শিবিরের সঙ্গেই থাকছেন, তা একপ্রকার নিশ্চিত।

