লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬: ট্রফি খরা কাটাতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, নজরে মিলার-রাহুল – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে ১৯ বছরের ট্রফি খরা ঘোচাতে বদ্ধপরিকর দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বে এবার দলে আনা হয়েছে একাধিক পরিবর্তন। ব্যাটিং বিভাগে কে এল রাহুল ও নীতীশ রানার মতো অভিজ্ঞদের পাশাপাশি প্রোটিয়া তারকা ডেভিড মিলার এবং ট্রিস্টান স্টাবসের বিধ্বংসী ফর্ম দিল্লির প্রধান শক্তি। এছাড়া দেশীয় পেসার মুকেশ কুমার ও টি নটরাজনের সাথে লুনগি এনগিডি বোলিং বিভাগকে শক্তিশালী করেছেন।

তবে অজি পেসার মিচেল স্টার্কের সম্ভাব্য অনুপস্থিতি দিল্লির জন্য বড় ধাক্কা হতে পারে। গতবারের সফল এই বোলারের বিকল্প খুঁজে পাওয়া ম্যানেজমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া অক্ষর ও কুলদীপ যাদব ছাড়া বিশেষজ্ঞ স্পিনারের অভাব এবং দলের ধারাবাহিকতার অভাব দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে খেই হারিয়ে ফেলার পুরনো প্রবণতা কাটিয়ে ওঠাই এখন মূল লক্ষ্য।

দিল্লির সাফল্যের ‘এক্স ফ্যাক্টর’ হতে পারেন ডেভিড মিলার, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে দক্ষ। খাতা-কলমে ভারসাম্যপূর্ণ দল গড়ে দিল্লি এবার প্লে-অফের অন্যতম দাবিদার হলেও, মাঠে তারা কতখানি স্নায়ুর চাপ সামলাতে পারে তার ওপরই নির্ভর করছে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। অভিষেক পোড়েল ও আকিব দারের মতো তরুণ তুর্কিরাও এবার দিল্লির তুরুপের তাস হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *