আইপিএলের পর এবার রাজ্য লিগেও ‘কড়া পাহারা’, দুর্নীতির জাল গুটাতে কোমর বাঁধল বিসিসিআই! – এবেলা

আইপিএলের পর এবার রাজ্য লিগেও ‘কড়া পাহারা’, দুর্নীতির জাল গুটাতে কোমর বাঁধল বিসিসিআই! – এবেলা

এবেলা ডেস্কঃ

ঘরোয়া ক্রিকেটে গড়াপেটা ও দুর্নীতির রমরমা রুখতে অভূতপূর্ব কঠোর পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এতদিন আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলের মতো মেগা টুর্নামেন্টগুলোতেই মূলত বোর্ডের দুর্নীতি দমন শাখার (ACSU) কড়া নজরদারি দেখা যেত। তবে এবার দেশের প্রতিটি রাজ্যের টি-টোয়েন্টি লিগকেও নিজেদের পূর্ণাঙ্গ নজরদারির আওতায় নিয়ে এল বিসিসিআই।

সম্প্রতি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিক, আয়োজক ও ক্রিকেটারদের সাথে সন্দেহজনক বুকিদের যোগাযোগের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বোর্ডের হাতে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (TNPL) সহ একাধিক রাজ্য লিগের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির ভূমিকা ইতিমধ্যেই খতিয়ে দেখছেন দুর্নীতি দমন শাখার কর্তারা।

বোর্ডের কর্তাদের মতে, জাতীয় স্তরের বাইরে রাজ্যভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোতে মূলত ক্লাব স্তরের তরুণ ও কম বয়সী ক্রিকেটাররা খেলে থাকেন। দ্রুত প্রচুর টাকা পাওয়ার লোভ দেখিয়ে এই অনভিজ্ঞ খেলোয়াড়, দলের মালিক এবং ম্যানেজারদের সহজেই ফাঁদে ফেলছে বুকি চক্র।

এই দুর্নীতি উপড়ে ফেলতে এবার থেকে প্রতিটা রাজ্য লিগে উপস্থিত থাকবেন ACSU-এর আধিকারিকরা। কেবল মাঠ বা স্টেডিয়ামই নয়, লিগ চলাকালীন টিম হোটেলে খেলোয়াড় ও কর্তারা কার কার সঙ্গে দেখা করছেন—তার ওপরও থাকবে ২৪ ঘণ্টার তীক্ষ্ণ নজর। তদন্তে কোনো ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক বা আয়োজক অপরাধী প্রমাণিত হলে বিসিসিআই তাঁদের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *