আইপ্যাক মামলা: তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চরম ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপ্যাক (I-PAC) সংস্থায় ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে উপস্থিত হওয়া এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কড়া অবস্থান নিল Supreme \titleonly কোর্ট। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট জানায়, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলাকালীন একজন মুখ্যমন্ত্রীর বলপূর্বক প্রবেশ কোনোভাবেই কাম্য নয়। আদালত উষ্মা প্রকাশ করে বলে, এই ঘটনা ভবিষ্যতে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও ভুল দৃষ্টান্ত তৈরি করতে পারে।
এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল অতিরিক্ত সময় চাইলে সলিসেটর জেনারেল তুষার মেহেতা তার তীব্র বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তে হস্তক্ষেপ করে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন, যা অত্যন্ত অস্বাভাবিক। অন্যদিকে, রাজ্য পাল্টা যুক্তি দেয় যে ইডি একটি স্বতন্ত্র সংস্থা হিসেবে সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের অধীনে মামলা দায়ের করতে পারে না। ইডির আইনি এক্তিয়ার নিয়ে রাজ্য প্রশ্ন তুললেও আদালত সময় নষ্টের চেষ্টার অভিযোগে বিরক্তি প্রকাশ করে।
এর আগে আদালত ৮ জানুয়ারির ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ ও ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। ইডির হলফনামা অনুযায়ী, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংঘর্ষ এড়াতে তারা তল্লাশি বন্ধ করতে বাধ্য হয়েছিল। কয়লা দুর্নীতি সংক্রান্ত এই মামলায় তল্লাশি চলাকালীন তদন্তকারী অফিসারদের ভয় দেখানোর অভিযোগও উঠেছে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

