আইসিইউ-তে চিকিৎসাধীন সেলিম খান, হাসপাতালে দেখতে গেলেন শাহরুখ
বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ড। বর্তমানে অস্ত্রোপচারের সিদ্ধান্ত স্থগিত রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে নবতিপর এই ব্যক্তিত্বকে।
দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের টানে শনিবার রাতে অসুস্থ সেলিম খানকে দেখতে হাসপাতালে যান বলিউড বাদশা শাহরুখ খান। শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় বের করে রাত ১০টা নাগাদ তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে উপস্থিত সলমন খান, আরবাজ ও সোহেল খানের সঙ্গে কথা বলে সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। শাহরুখের এই সফর দুই পরিবারের মধ্যকার গভীর আত্মিক সম্পর্কেরই বহিঃপ্রকাশ।
এদিকে সেলিম খানের অসুস্থতার খবরে হাসপাতাল চত্বরে সংবাদমাধ্যম ও উৎসুক জনতার ভিড় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে খান পরিবার। সলমন খান ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন যাতে শান্ত পরিবেশে চিকিৎসা প্রক্রিয়া চলতে পারে। হাসপাতালের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিবারের অনুরোধে রোগীর স্বাস্থ্যের বিষয়ে সীমিত তথ্য জনসমক্ষে আনা হচ্ছে। বলিউডের বহু তারকা প্রবীণ এই ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

