আকাশ মেঘমুক্ত হতেই ফের ঘোর বিপদের বার্তা! মঙ্গল থেকেই দুর্যোগের কবলে রাজ্য, সতর্ক একাধিক জেলা – এবেলা

এবেলা ডেস্কঃ
দিনকয়েকের টানা বৃষ্টির পর রোদের দেখা পেয়ে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তিলোত্তমা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উইকেন্ডে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই স্বস্তি নিতান্তই সাময়িক। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট চড়চড়িয়ে বাড়তে পারে, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বস্তির কোনো লক্ষণ নেই; সেখানে টানা বৃষ্টির তাণ্ডব অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে ইতিমধ্যে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ধারাবাহিকভাবে বজায় থাকতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলোতেও সমুদ্রের জলচ্ছাস ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে জারি রাখা হয়েছে বিশেষ নজরদারি। সব মিলিয়ে রাজ্যবাসীকে ফের এক দফায় বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে।
