লেটেস্ট নিউজ

আকাশছোঁয়া পাকিস্তান ২৮ দিনে ৫ বার বাড়ল বিমানের জ্বালানির দাম – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানে সাধারণ মানুষের আকাশপথে যাতায়াত এখন দুঃস্বপ্নের মতো। মধ্যপ্রাচ্যের অস্থিরতার দোহাই দিয়ে মাত্র ২৮ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। পাকিস্তান স্টেট অয়েলের ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার জ্বালানির দাম ৫ টাকা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে রেকর্ড ৪৭৬.৯৭ রুপিতে। অথচ চলতি মাসের শুরুতেও এই দাম ছিল মাত্র ১৮৮ রুপি।

জ্বালানির এই লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে সাধারণ যাত্রীদের পকেটে। করাচি থেকে ইসলামাবাদ বা লাহোর যাওয়ার অভ্যন্তরীণ বিমানের একদিকের ভাড়া পৌঁছেছে ৪০ হাজার রুপিতে। আন্তর্জাতিক রুটের চিত্র আরও ভয়াবহ; টরন্টো, প্যারিস বা ম্যানচেস্টারের মতো গন্তব্যে ইকোনমি ক্লাসের টিকিটের দাম এখন ৩ থেকে ৭ লাখ রুপির ঘরে।

শুধু আকাশপথ নয়, বিলাসীবহুল গাড়ির হাই-অকটেন জ্বালানির ওপর লিটারপ্রতি লেভি ২০০ রুপি বাড়ানো হয়েছে। হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও পরিবহন খরচ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জ্বালানি তেলের পাম্পগুলোতে এখন গ্রাহক ও কর্মীদের মধ্যে বচসা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সব মিলিয়ে চরম মুদ্রাস্ফীতির চাপে কার্যত দিশেহারা প্রতিবেশী দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *