আকাশছোঁয়া সোনা-রুপো: ২৫ দিনেই রুপোর দাম বাড়ল ১ লাখ, কলকাতায় নয়া রেকর্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার বাজারে সোনা ও রুপোর দামের দৌড় থামার কোনো লক্ষণই নেই। শনিবার ফের বড়সড় লাফ দিল দুই মূল্যবান ধাতু। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট সোনার (১০ গ্রাম) দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকা। গত বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে এক ধাক্কায় ৬ হাজার ১০০ টাকা।
একইভাবে ঊর্ধ্বমুখী গয়না সোনাও। এদিন ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম পৌঁছেছে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকায়। তবে সোনার চেয়েও বেশি চমক দিচ্ছে রুপোর দাম। শনিবার কলকাতায় এক কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা।
বাজার বিশেষজ্ঞদের নজর কাড়ছে রুপোর অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি। চলতি বছরের ১ জানুয়ারি এক কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ মাত্র ২৫ দিনের ব্যবধানে কেজিতে দাম বাড়ল ১ লক্ষ ৪ হাজার ৪০০ টাকা। যে গতিতে দাম বাড়ছে, তাতে খুব শীঘ্রই রুপো ৪ লক্ষ টাকার গণ্ডি স্পর্শ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

