আকাশে নয়া ইতিহাস: সুখোই ও রাফালের পর এবার ‘প্রচণ্ড’ হেলিকপ্টারে রাষ্ট্রপতি – এবেলা
এবেলা ডেস্কঃ
সুখোই-৩০ এবং রাফাল যুদ্ধবিমানের পর এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধকালীন হেলিকপ্টার ‘প্রচণ্ড’-এ চড়ে নতুন ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার রাজস্থানের জয়সলমের বায়ুসেনা ঘাঁটি থেকে তিনি এই উড়ানে অংশ নেন। দীর্ঘ ২৫ মিনিটের এই সফরে রাষ্ট্রপতি নিজেই সহকারী পাইলটের আসনে বসে ভারত-পাক সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির এই সফর মূলত পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত ‘বায়ু শক্তি ২০২৬’ প্রদর্শনীকে কেন্দ্র করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভারতীয় বায়ুসেনার সক্ষমতা প্রত্যক্ষ করেন। উড্ডয়নের আগে তিনি ‘প্রচণ্ড’ হেলিকপ্টারকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভরতার শক্তিশালী প্রতীক’ হিসেবে অভিহিত করে জওয়ানদের শুভেচ্ছা জানান।
প্রতিরক্ষা উড্ডয়নে দ্রৌপদী মুর্মুর এটিই প্রথম নজির নয়। এর আগে ২০২৩ সালে আসামের তেজপুর থেকে সুখোই এবং গত অক্টোবর মাসে আম্বালা থেকে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন তিনি। দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে একাধিক অত্যাধুনিক যুদ্ধবিমানে ওড়ার কৃতিত্ব অর্জন করে তিনি ভারতের নারীশক্তি ও সামরিক আভিজাত্যকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

