লেটেস্ট নিউজ

আকাশে ভয়াবহ বিপর্যয় ও রাস্তায় টাকার বৃষ্টি! বলিভিয়ায় ভেঙে পড়ল বায়ুসেনার বিমান – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিভিয়ার আকাশে ভয়াবহ বিপর্যয়। লা পাজের এল অল্টো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল দেশটির বায়ুসেনার একটি বিশালাকার লকহিড C-130 হারকিউলিস বিমান। শুক্রবার সন্ধ্যার এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। তবে এই দুর্ঘটনার পর যে দৃশ্য দেখা গেল, তা কার্যত নজিরবিহীন। বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই দুর্ঘটনাস্থলের রাস্তায় ছড়িয়ে পড়ে কোটি কোটি টাকার নতুন নোট।

রানওয়ে থেকে ছিটকে ব্যস্ত রাস্তায় যমদূত

জানা গেছে, বিমানটি সান্তা ক্রুজ থেকে ওড়ার পর এল অল্টো বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। সেই সময় প্রবল দুর্যোগ, শিলাবৃষ্টি এবং বরফে ঢাকা পিচ্ছিল রানওয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ছিটকে পাশের একটি ব্যস্ত রাস্তায় গিয়ে পড়ে। রাস্তায় চলতে থাকা একাধিক গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি, যার ফলে প্রায় ডজনখানেক যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যেই এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

নোট কুড়োনোর হিড়িক ও পুলিশের লাঠিচার্জ

বিস্ময়কর বিষয় হলো, ওই বিমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের জন্য ছাপানো প্রচুর নতুন নোট নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার অভিঘাতে বিমানের ভেতর থেকে ২০, ৫০ এবং ১০০ বলিভিয়ানো মূল্যের নোটের বান্ডিল রাস্তায় ছড়িয়ে পড়ে। আগুনের শিখা আর লাশের স্তূপের মাঝেই অনেককে দেখা যায় সেই টাকা কুড়োতে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।

মুখ খুলল কেন্দ্রীয় ব্যাংক

এই বিশৃঙ্খলার মাঝে বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তায় ছড়িয়ে পড়া এই নোটগুলো এখনই বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে না। এগুলো পুরনো নোট বাতিলের পরিবর্তে বাজারে ছাড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে সাধারণ মানুষ এগুলো সংগ্রহ করলেও কোনো কাজে আসবে না বলে সতর্ক করা হয়েছে।

তদন্ত ও উদ্ধারকাজ

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্য এবং রাস্তার পথচারীরাও রয়েছেন। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে আবহাওয়ার প্রতিকূলতা এবং রানওয়েতে বরফ জমে থাকাকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *