লেটেস্ট নিউজ

আগামিকাল বিয়ের পিঁড়িতে কুলদীপ যাদব, মুসৌরিতে বসছে চাঁদের হাট – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। আগামিকাল, ১৪ মার্চ, উত্তরাখণ্ডের মুসৌরিতে দীর্ঘদিনের বান্ধবী বংশিকা চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি। কানপুরের বাসিন্দা পেশায় এলআইসি কর্মী বংশিকার সঙ্গে কুলদীপের এই বিয়ের আসর বসছে বিখ্যাত স্যাভয় হোটেলে। মূলত দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতার লক্ষ্যেই গত নভেম্বরে নির্ধারিত এই বিয়ে পিছিয়ে দিয়েছিলেন কুলদীপ।

মুসৌরির এই বর্ণময় আয়োজনে যোগ দিতে ইতিমধ্যেই দেহরাদুনে পৌঁছে গিয়েছেন যুজবেন্দ্র চাহাল। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং সুনীল গাভাসকারের মতো কিংবদন্তিরা। এছাড়া সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং ও তিলক বর্মার উপস্থিতিতে বিয়ের আসরটি কার্যত ভারতীয় ক্রিকেটের এক মহামিলন মেলায় পরিণত হতে চলেছে। ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও।

জমকালো এই অনুষ্ঠানের জন্য দুই-তিন দিনের জন্য সম্পূর্ণ হোটেলটি বুক করা হয়েছে। কানপুরে প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা কুলদীপ ও বংশিকার বাগদান পর্ব আগেই লখনউতে সুসম্পন্ন হয়েছিল। সদ্যসমাপ্ত বিশ্বকাপে দেশের সাফল্যে অবদান রাখার পর এবার ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তকে ঘিরে ক্রিকেট মহলে বইছে আনন্দের জোয়ার। বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *