আগামী ১২ আগস্ট শতাব্দীর দ্বিতীয় দীর্ঘতম সূর্যগ্রহণ, জানুন দিনক্ষণ ও মাহাত্ম্য – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের ১২ আগস্ট মহাকাশে এক বিরল দৃশ্য দেখা যাবে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথম সূর্যগ্রহণের পর এবার ধেয়ে আসছে শতাব্দীর দ্বিতীয় দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মে এই ঘটনার বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। কাকতালীয়ভাবে ওইদিন হরিয়ালি অমাবস্যা পড়ায় দিনটির ধর্মীয় মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, এই গ্রহণটি ১২ আগস্ট রাত ৯টা ০৪ মিনিটে শুরু হয়ে পরদিন ভোর ৪টা ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। দীর্ঘ সময় ধরে আকাশ অন্ধকারে ঢাকা থাকলেও সময়ের পার্থক্যের কারণে ভারত থেকে এই দৃশ্য উপভোগ করা যাবে না। দৃশ্যমান না হওয়ায় দেশে সূতক কালের কোনো বিধিনিষেধ বা ধর্মীয় নিয়ম পালনের বাধ্যবাধকতা থাকছে না বলে জানানো হয়েছে।
দৃশ্যমানতা না থাকলেও বিশ্বাসীরা গ্রহণের সময় সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপকে শুভ বলে মনে করেন। নেতিবাচক শক্তি দূর করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের পরামর্শ দেওয়া হয়। গ্রহণ শেষে স্নান সেরে গঙ্গাজল ছেটানো এবং দুস্থদের অন্ন বা বস্ত্র দান করার প্রথা প্রচলিত রয়েছে। বছরের এই অন্যতম বড় মহাজাগতিক ঘটনাটি ঘিরে সাধারণ মানুষ ও বিজ্ঞানীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

