আগুনের লেলিহান শিখায় ছারখার দক্ষিণ কোরিয়া, মৃত্যুপুরী অটো পার্টস ফ্যাক্টরি – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ার দেজেওন শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ১০ জনের দেহাবশেষ উদ্ধার করেছেন। ভয়াবহ এই বিস্ফোরণ ও আগুনের ঘটনায় আরও ৫৯ জন আহত হয়েছেন এবং ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে একটি অটো পার্টস ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। প্রাণ বাঁচাতে অনেক শ্রমিককে বহুতল ভবন থেকে নিচে ঝাঁপ দিতে দেখা গেছে। ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ভবনটি ধসে পড়ার আশঙ্কায় দমকলকর্মীরা শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোবট ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
দমকল বাহিনীর প্রধান নাম ডিউক-উ জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে ৯ জনই ভবনের তৃতীয় তলার জিমনেসিয়ামের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চারজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে ১০০ কেজির বেশি অতি সক্রিয় রাসায়নিক পদার্থ সরিয়ে নেওয়া হয়েছে যাতে নতুন করে কোনো বিস্ফোরণ না ঘটে। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকাজে সর্বোচ্চ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন।

