আগে শুভেন্দু, পরে আমি! বিজেপির ব্যানারে নিজের ছবির জায়গা বদলাতে চান শমীক – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেই দলের অন্দরে সাংগঠনিক রাশ শক্ত করতে তৎপর হয়েছেন শীর্ষ নেতৃত্ব। সরকার গঠনের পর দলের নেতা-কর্মীদের কঠোর শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার দলীয় ব্যানারে ছবির বিন্যাস বদলে ফেলার প্রস্তাব দিয়ে সেই শৃঙ্খলার নজির নিজেই গড়লেন তিনি। শুক্রবার দলের এক অভ্যন্তরীণ বৈঠকে তিনি স্পষ্ট জানান, এবার থেকে দলীয় ব্যানারে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরে রাজ্য সভাপতি হিসেবে তাঁর নিজের ছবি রাখা হোক।
বদলে যাচ্ছে দলীয় ব্যানারের চেনা ছবি
বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী, যে কোনো রাজ্যের দলীয় ব্যানারে একপাশে দুই সর্বভারতীয় শীর্ষনেতা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছবি থাকে। অন্য পাশে থাকে সংশ্লিষ্ট রাজ্যের দুই শীর্ষনেতার ছবি। এতদিন বাংলায় বিজেপি বিরোধী দলে থাকার কারণে ব্যানারের সেই অংশে আগে থাকত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান নিয়মে এই বিন্যাস বদল অত্যন্ত জরুরি বলে মনে করছেন রাজ্য সভাপতি।
প্রশাসনিক মর্যাদারক্ষা ও শৃঙ্খলার বার্তা
দলীয় বৈঠকে শমীক ভট্টাচার্য ব্যাখ্যা করেন, শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান। প্রোটোকল অনুযায়ী ব্যানারে তাঁর ছবি আগে না রাখলে পদের মর্যাদা ক্ষুণ্ণ হয়, যা কোনো শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে কাম্য নয়। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে শমীক ভট্টাচার্য আসলে দলের রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বকে প্রশাসন ও সংগঠনের সীমারেখা বজায় রাখার কড়া বার্তা দিলেন। পূর্বতন তৃণমূল জমানায় যেভাবে দল ও প্রশাসন মিলেমিশে এক হয়ে যাওয়ার অভিযোগ উঠত, বিজেপির শাসনে যাতে সেই পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
