আজ থেকেই বদলে গেল হোয়াটসঅ্যাপের মেসেজ নিয়ম, পকেটে টান পড়তে পারে কাদের – এবেলা

এবেলা ডেস্কঃ
১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানোর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। তবে এই পরিবর্তন সাধারণ হোয়াট্সঅ্যাপ গ্রাহক কিংবা ‘হোয়াট্সঅ্যাপ বিজনেস অ্যাপ’ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মেটার তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র ‘হোয়াট্সঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম’ ব্যবহারকারী বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেই সার্ভিস মেসেজ পাঠানোর জন্য নির্দিষ্ট হারে মূল্য দিতে হবে। ভারতসহ বিশ্বজুড়ে ইউটিলিটি ও অথেনটিকেশন মেসেজের মতোই পরিষেবা সংক্রান্ত বার্তার ক্ষেত্রে একই হারে চার্জ প্রযোজ্য হবে। সংস্থাগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে লেনদেনের মাধ্যম নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা না করলে ১ অক্টোবর থেকে আর বার্তা পাঠানো যাবে না।
নতুন নীতি অনুযায়ী, এতদিন ২৪ ঘণ্টার গ্রাহক পরিষেবা সময়ের মধ্যে বিনামূল্যে অর্ডার কনফারমেশন ও ডেলিভারি আপডেট পাঠানো গেলেও এখন তার জন্য ফি গুনতে হবে। মেটার মূল্যের তালিকা অনুসারে, প্রতি বার্তার জন্য জিএসটি ছাড়া ০.১১৫ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ, ১,০০০ বার্তা পাঠালে ১৮ শতাংশ জিএসটিসহ খরচ পড়বে মোট ১৩৫.৭০ টাকা। বার্তা পাঠানোর ধরন ও প্রকৃতির ওপর ভিত্তি করে এই ধার্য করা মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে। যদিও কিছু নির্দিষ্ট সীমিত সংখ্যক মেসেজের ক্ষেত্রে বিনামূল্যে পাঠানোর সুযোগ বজায় রাখছে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে মেটার ব্যবসায়িক গ্রাহকদের ডিজিটাল যোগাযোগ খরচে নতুন মাত্রা যোগ হতে চলেছে।
