‘আত্মপরিচয়’ ছাড়াই লোকসভায় পাশ রূপান্তরকামী বিল, দেশজুড়ে তীব্র বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল বহুচর্চিত রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল ২০২৬। কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র কুমারের পেশ করা এই বিলে ২০১৯ সালের মূল আইনের সংজ্ঞায় আমূল বদল আনা হয়েছে। নতুন নিয়মে ‘আত্মপরিচয়’-এর স্বীকৃতি বাদ পড়ায় ক্ষোভে ফুঁসছে সংশ্লিষ্ট মহল।
নতুন সংজ্ঞায় কারা?
সংশোধিত বিল অনুযায়ী, এখন থেকে কেবল কিন্নর, হিজড়া, আরাবাণী, জোগতা, ‘ইউনাক’ বা জন্মগতভাবে ইন্টারসেক্স ভ্যারিয়েশন থাকা ব্যক্তিদেরই রূপান্তরকামী হিসেবে গণ্য করা হবে। এছাড়া যাদের শারীরিক গঠন বা ক্রোমোজোমাল প্যাটার্নে জন্মগত পার্থক্য রয়েছে, তারাও এই তালিকায় থাকবেন। তবে যারা কেবল নিজেদের মানসিক তাগিদে বা ‘আত্মপরিচয়’-এর ভিত্তিতে রূপান্তরকামী দাবি করেন, তাদের এই সংজ্ঞা থেকে ছেঁটে ফেলা হয়েছে।
পরিচয়পত্রের কড়া নিয়ম
এখন থেকে পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া আরও জটিল হচ্ছে। জেলাশাসক (DM) কর্তৃপক্ষের সুপারিশ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার পরেই পরিচয়পত্র দেবেন। প্রয়োজনে তিনি চিকিৎসকদের বিশেষ প্যানেলের সাহায্য নিতে পারবেন।
কেন বাড়ছে বিতর্ক?
বিলটি স্ট্যান্ডিং কমিটিতে না পাঠানোয় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি অভিযোগ করেন, এই বিল রূপান্তরকামী সম্প্রদায়ের মৌলিক পরিচয়কেই মুছে দিচ্ছে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা না করেই কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গত ১৪ মার্চ বিলটি পেশ হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

