আদালতে কেন আইনজীবীদের পরনে থাকে কালো কোট জেনে নিন এই বিশেষ পোশাকের নেপথ্য কাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
আদালত চত্বরে গেলেই দেখা যায় আইনজীবীরা সবসময় কালো কোট ও সাদা ব্যান্ড পরে থাকেন। এর পেছনে রয়েছে ঐতিহাসিক ও সামাজিক কারণ। ১৯৬১ সালে ভারতে অ্যাডভোকেটস অ্যাক্টের অধীনে আইনজীবীদের জন্য কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়। কালো রঙ মূলত শক্তি, অধিকার, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে পরিচিত। এছাড়াও এই বিশেষ রঙটি আইনজীবীদের অন্যান্য পেশা থেকে একটি স্বতন্ত্র পরিচয় দান করে।
ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী ১৬৯৪ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের মৃত্যুতে শোক পালনের সময় আইনজীবীরা প্রথম কালো পোশাক পরেন এবং পরবর্তীতে তা প্রথায় পরিণত হয়। আবার বিচারব্যবস্থায় আইনকে ‘অন্ধ’ হিসেবে দেখা হয় এবং বিশ্বাস করা হয় যে একজন দৃষ্টিহীন ব্যক্তি কখনো পক্ষপাতিত্ব করেন না। সেই নিরপেক্ষতা এবং সত্যের লড়াই বজায় রাখতেই আইনজীবীরা কালো কোট পরেন। অন্যদিকে সাদা ব্যান্ডটি পবিত্রতা ও সারল্যের প্রতীক হিসেবে গণ্য হয়।

