আদালতের নির্দেশ অমান্য, রবিবারেই বসছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ, স্তব্ধ দিল্লি – এবেলা

এবেলা ডেস্কঃ
আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজধানীতে ট্রেন ও মেট্রো পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগে রবিবারে জরুরি ভিত্তিতে বসছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ এই মামলার শুনানি করবে। গত ৯ অক্টোবর শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, নিরাপত্তার কারণে পরিষেবা নিয়ন্ত্রণ করা গেলেও তা সম্পূর্ণ বন্ধ করা যাবে না। কিন্তু শনিবার সেই নির্দেশ অমান্য করে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা, ট্রেন বাতিল এবং ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার অভিযোগ উঠেছে। কেন্দ্রের বিরুদ্ধে এই আদালত অবমাননার মামলাটি দায়ের করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী।
পাশাপাশি, শনিবারের বিক্ষোভে চার মুখ্যমন্ত্রী সহ বিরোধী নেতাদের আটক করার ঘটনাকে চ্যালেঞ্জ করে পৃথক একটি মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী মেনকা গুরুস্বামী। শান্তিপূর্ণ প্রতিবাদের মৌলিক অধিকার দমনের অভিযোগ তুলে এই পদক্ষেপকে বেআইনি বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সিজেপি ও বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ এবং তা দমনে প্রশাসনের ব্যাপক কড়াকড়ির জেরে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রবিবারের এই হাই-প্রোফাইল শুনানিতে শীর্ষ আদালত কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।
