আদালতের বড় নির্দেশ! এবার অভিষেককে সশরীরে হাজিরার সমন, দেওয়ালে নোটিশ সাঁটতে গেল পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: এবার ত্রিপুরার আদালত থেকে সশরীরে হাজিরার কড়া সমন পাঠানো হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই আগামী ২২ জুন অভিষেককে খোয়াই আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আদালত মারফত এই সমন পৌঁছেছে কালীঘাটে অভিষেকের বাসভবনে। আইনি নিয়ম মেনে এই সমন জারির জন্য আলিপুর আদালত একজন ‘বেলিফ’ নিয়োগ করে। নিয়ম অনুযায়ী, বুধবার বিকেলে কালীঘাট থানার পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সেই বেলিফ সোজা পৌঁছান ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অর্থাৎ তৃণমূল নেত্রীর বাড়িতে। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, সমনটি হয় অভিষেকের হাতে দিতে হবে, না হলে বাড়ির দেওয়ালে সেঁটে দিয়ে তার ছবি তুলে রাখতে হবে। বেলিফ যখন সেখানে পৌঁছান, তখন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষসহ অন্য নেতারা। তাঁরা দেওয়ালে নোটিশ না সেঁটে, সেটি রিসিভ করে নেওয়ার অনুরোধ জানান।
অন্যদিক, বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল করার একটি মামলায় সিআইডি-র তলব এড়িয়ে আরও কিছুটা সময় চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে জানা গেছে, একটি চিঠির মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। চিঠিতে হাজিরা এড়ানোর পেছনে মূলত দুটি জোরালো যুক্তি দেখিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত একটি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে, যার তদন্ত করছে সিআইডি। এই মামলাতেই গত ৩০ মে অভিষেককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল।
