আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদী, তিন দিনের বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ
আসন্ন ২১ জুন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনে এক অনন্য নজির সৃষ্টি করতে চলেছে পশ্চিমবঙ্গ। এবারের যোগ দিবসের মূল অনুষ্ঠানে কলকাতায় উপস্থিত থাকতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য কর্মসূচির কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের এই জমকালো প্রস্তুতির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, এই প্রথম আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ সরকারিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং এবারের এই মহোৎসব পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছে বাংলা।
সচেতনতা বৃদ্ধি ও অভিনব ড্রন শো
তিন দিনের এই উৎসবের সূচনা হচ্ছে আগামীকাল শুক্রবার, ১৯ জুন সকাল থেকে। এদিন সকালে আমজনতার মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজিত হবে ‘রান ফর যোগা’ কর্মসূচি। এই বিশেষ ম্যারাথনটি কলকাতা পুরসভা ভবন থেকে শুরু হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংস পর্যন্ত যাবে, যেখানে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অংশ নেবেন। এর পরের দিন অর্থাৎ শনিবার, ২০ জুন রাজ্য জুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ দিনটির সন্ধ্যায় কলকাতা সংলগ্ন গঙ্গাবক্ষে লেজার ও লাইট শোর পাশাপাশি একটি চোখধাঁধানো ড্রন শোর আয়োজন করা হয়েছে। কয়েকশো অত্যাধুনিক ড্রনের নিখুঁত আলোকমালার কারসাজিতে আকাশের বুকে ফুটিয়ে তোলা হবে যোগাসনের বিভিন্ন নান্দনিক মুদ্রা ও ছবি।
রেড রোডের মূল অনুষ্ঠানে কেন্দ্র-রাজ্য সমন্বয়
কর্মসূচির শেষ দিন অর্থাৎ আগামী রবিবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে। ঐতিহাসিক এই রাজপথেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মহাসমারোহে পালিত হবে যোগ দিবস। সেখানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং কেন্দ্রের একাধিক শীর্ষ স্তরের মন্ত্রী ও আধিকারিকরা উপস্থিত থেকে যোগাভ্যাস করবেন।
মুখ্যমন্ত্রী এই আয়োজনকে রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। কেন্দ্র ও রাজ্যের এই যৌথ সমন্বয়ের ফলে আমজনতার মধ্যে যোগাভ্যাসের ইতিবাচক প্রভাব আরও সুদূরপ্রসারী হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং এই তিন দিনের অনুষ্ঠানকে সফল করতে রাজ্য প্রশাসন সমস্ত স্তরে কড়া নিরাপত্তা ও সুব্যবস্থা নিশ্চিত করেছে। ইতিমধ্যেই রেড রোড ও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কলকাতার রাজপথে প্রধানমন্ত্রীর এই মেগা যোগ ইভেন্টকে ঘিরে এখন থেকেই তিলোত্তমায় সাজ সাজ রব।
