লেটেস্ট নিউজ

আপনার মধ্যে কি আধ্যাত্মিক জাগরণ ঘটছে এই বিশেষ লক্ষণগুলো মিলিয়ে দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

মনুষ্য জীবনের পরম লক্ষ্য হলো পরমাত্মার সঙ্গে মিলন। হিন্দু শাস্ত্র মতে জীবাত্মার এই অনন্ত যাত্রাই জীবনের মূল উদ্দেশ্য। সংসারের মায়া এবং কামনা-বাসনা কাটিয়ে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার প্রক্রিয়াই হলো আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। আপনার মধ্যেও কি এই পরিবর্তন আসছে? নির্দিষ্ট কিছু লক্ষণের মাধ্যমে তা বুঝে নেওয়া সম্ভব।

আধ্যাত্মিক জাগরণের প্রাথমিক লক্ষণ হলো নির্জনতাকে ভালোবাসা। সাধারণ মানুষ একা থাকতে ভয় পেলেও আধ্যাত্মিকভাবে সজাগ ব্যক্তিরা একাকিত্বের মধ্যেই পরম প্রশান্তি খুঁজে পান। একা বই পড়া, উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো বা নিজের সঙ্গে সময় কাটানোই তখন মুখ্য হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে এক মহাজাগতিক শক্তির উপস্থিতি অনুভব করতে শুরু করেন।

দ্বিতীয়ত, আধ্যাত্মিক চেতনায় উন্নত ব্যক্তিরা শুধুমাত্র উপাসনালয়ে নয়, বরং প্রতিক্ষণে নিজের ভেতরেই ঈশ্বরের অস্তিত্ব টের পান। বিপদে বা নির্জনতায় তারা অনুভব করেন কোনো এক দৈব শক্তি তাদের হাত ধরে আছে। এটি কোনো অলৌকিকতা নয়, বরং পরমাত্মার সঙ্গে জীবাত্মার গভীর সংযোগের বহিঃপ্রকাশ।

তৃতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অন্যের চারিত্রিক কম্পন বা ভাইব্রেশন বোঝার ক্ষমতা। আধ্যাত্মিকভাবে সজাগ একজন নারী বা পুরুষ অল্পক্ষণ কথা বললেই বুঝতে পারেন সামনের মানুষটি ইতিবাচক না নেতিবাচক। শুভ ও অশুভ শক্তির পার্থক্য তারা অনায়াসেই ধরতে পারেন। নেতিবাচক সান্নিধ্য তাদের মনে উদ্বেগ তৈরি করে, আবার ইতিবাচক মানুষ নিমেষে তাদের অস্থিরতা কমিয়ে দেয়।

চতুর্থত, এমন ব্যক্তিদের মধ্যে এক প্রবল দৈব তেজ বিরাজ করে। তারা স্বভাবগতভাবে শান্ত ও নম্র হলেও তাদের আত্মিক শক্তি অত্যন্ত প্রবল। তারা কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেন না, তবে তাদের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে অসামান্য দৃঢ়তায় তা অতিক্রম করেন। আধ্যাত্মিকভাবে জাগ্রত নারীরা প্রয়োজনে মাতৃত্বের মমতা যেমন দেখান, তেমনই অশুভ শক্তির বিনাশে কঠোর রূপ ধারণ করতে পারেন। এই বিশেষ গুণাবলিই প্রমাণ করে যে ব্যক্তি জাগতিক মায়ার ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিক জগতের পথে অগ্রসর হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *