আপের ডানা ছাঁটা অভিযানে এবার পদ হারালেন রাঘব চাড্ডা

আম আদমি পার্টির অন্দরে এবার বড়সড় রদবদল। রাজ্যসভায় দলের উপ-নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তরুণ নেতা রাঘব চাড্ডাকে। বৃহস্পতিবার রাজ্যসভা সচিবালয়কে চিঠি দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়েছে, রাঘবের পরিবর্তে ওই পদে স্থলাভিষিক্ত হবেন অশোক মিত্তাল। লোকসভা নির্বাচনের আবহে হঠাৎ করে দলের এই গুরুত্বপূর্ণ পদ থেকে রাঘবের অপসারণ নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে খবর, বিগত কয়েকমাস ধরে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে রাঘবের অনুপস্থিতিতে ক্ষুব্ধ ছিল শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার মুক্তির পর দলের শক্তিবৃদ্ধির সময়ও তাঁকে পাশে পাওয়া যায়নি। দলের সঙ্গে এই ক্রমবর্ধমান ‘দূরত্ব’ এবং সমন্বয়ের অভাবই তাঁর পদ হারানোর মূল কারণ বলে মনে করা হচ্ছে। এমনকি বর্তমানে চলা বিধানসভা নির্বাচনে দলের তারকা প্রচারকদের তালিকাতেও রাঘবের নাম রাখা হয়নি।
রাজনৈতিক গুঞ্জন আরও তীব্র হয়েছে রাঘব চাড্ডার সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। মাত্র তিন দিন আগে মুম্বই বিমানবন্দরে এনডিএ শাসিত মহারাষ্ট্র সরকারের একটি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি। ১০ টাকায় চা খেয়ে সরকারের পরিষেবার গুণগান গাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি রাঘবের রাজনৈতিক ঝোঁক এখন বিজেপির দিকে? যদিও এখনই তাঁকে দল থেকে বহিষ্কারের পথে না হেঁটে আপাতত শুধুমাত্র দলীয় পদ কেড়ে নিয়ে তাঁর ‘ডানা ছাঁটা’ হলো বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
এখনও পর্যন্ত এই পদচ্যুতি নিয়ে রাঘব চাড্ডা নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দলের উপ-নেতা হিসেবে অশোক মিত্তালের অভিষেক এখন কেবল সময়ের অপেক্ষা। আম আদমি পার্টির এই কড়া সিদ্ধান্ত আগামীর রাজনৈতিক সমীকরণে কোনো নতুন মোড় আনে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
