আবারও আমেরিকার এফ৩৫ ধ্বংসের দাবি ইরানের, চাঞ্চল্যকর ভিডিও ঘিরে তুঙ্গে যুদ্ধকালীন উত্তেজনা

ফের মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান ধ্বংসের দাবি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ইরান ও আমেরিকার সম্পর্ক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে আমেরিকার একটি অত্যাধুনিক যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনার ভিডিও প্রমাণও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মার্কিন প্রশাসন দাবি করেছিল যে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু এই নতুন ঘটনার পর সেই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
খাতাম আল-আনবিয়া সদর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে পাইলটের বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এর আগে গত ১৯ মার্চও ইরান আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ লাইটনিং-২ ধ্বংস করার দাবি জানিয়েছিল। সে সময় মুম্বইয়ে অবস্থিত ইরানি দূতাবাস থেকেও সমাজমাধ্যমে এই সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়। যদিও ওয়াশিংটন শুরু থেকেই ইরানের এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড তেহরানের এই সাম্প্রতিক দাবিটি সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার সমস্ত যুদ্ধবিমান সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং কোনো বিমান নিখোঁজ হওয়ার খবর নেই। আমেরিকার মতে, আইআরজিসি অতীতেও একাধিকবার জনমানসে বিভ্রান্তি ছড়াতে এই ধরণের ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছে। বর্তমানে দুই দেশের এই পাল্টাপাল্টি বয়ানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
