আবাস যোজনায় বড় জালিয়াতি! সাড়ে তিনশো পঞ্চায়েতে বিশেষ অডিটের কড়া নির্দেশ দিলীপ ঘোষের! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের গ্রাম পঞ্চায়েতগুলিতে দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের পথে হাঁটল পঞ্চায়েত দপ্তর। বিগত সরকারের আমলের অনিয়ম ও দুর্নীতির সত্যতা যাচাই করতে রাজ্যের ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৩৫০টি গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুর গ্রামীণ থানার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, অবৈধভাবে সরকারি তহবিল তছরুপকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির চিত্র সামনে এসেছে। মন্ত্রী জানান, যোগ্য নন এমন প্রায় সাড়ে বারো হাজার ব্যক্তি অবৈধভাবে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে ইতিমধ্যেই প্রায় এক হাজার জন টাকা ফেরত দিলেও বাকিদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি, নির্বাচনের প্রাক্কালে ওয়ার্ক অর্ডার ছাড়াই নির্মিত একাধিক রাস্তার কাজসহ বিভিন্ন সরকারি টেন্ডার পুনর্বিবেচনা করা হচ্ছে। দুর্নীতি রোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই বিশেষ অডিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
