‘আমরা কাতার নই, নরক দেখিয়ে ছাড়ব’, ইজরায়েলকে চরম হুঁশিয়ারি পাকিস্তানের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মাঝে ইজরায়েলকে নজিরবিহীন হুঁশিয়ারি দিল পাকিস্তান। তেহরানে পাক দূতাবাসের অতি নিকটে ইজরায়েলি বিমান হামলার প্রেক্ষিতেই এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান সরকার স্বীকৃত স্ট্র্যাটেজিক ফোরামের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, বিশ্বের যেকোনো প্রান্তে তাদের কোনো কূটনীতিকের সামান্য ক্ষতি হলেও তার পরিণাম হবে ভয়াবহ।
হামলায় কোনো কূটনীতিক হতাহত না হলেও তেহরানের ওই সংবেদনশীল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তান স্পষ্ট করেছে যে, কাতার নীরব থাকলেও তারা হাত গুটিয়ে বসে থাকবে না। উল্লেখ্য, ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা সত্ত্বেও নিজেদের সার্বভৌমত্ব ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে পাকিস্তান।
বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল, যেখানে ইরান বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই অস্থিতিশীল আবহে পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া ‘নরক দর্শন’-এর হুমকি আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। কাতার বা অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় নিজেদের সামরিক অবস্থানের ভিন্নতা তুলে ধরে ইজরায়েলকে সরাসরি সতর্ক করল ইসলামাবাদ।

