“আমাকে হিংসে করে”, টানা দুই ম্যাচ হারের পর স্ট্রাইক রেট বিতর্কে বিস্ফোরক রাহানে

সানরাইজার্স হায়দরাবাদের কাছে ঘরের মাঠে হারের পর নিজের স্ট্রাইক রেট নিয়ে ওঠা সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে। সাধারণত শান্ত স্বভাবের এই ক্রিকেটার ইডেনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্পষ্ট জানান, বাইরে কে কী বলছেন তা নিয়ে তিনি বিন্দুমাত্র চিন্তিত নন। রাহানের মতে, যাঁরা তাঁর ব্যাটিং গতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা হয়তো ক্রিকেট বোঝেন না অথবা সাফল্যের প্রতি ঈর্ষাকাতর। ২০২৩ সাল থেকে নিজের স্ট্রাইক রেটের উন্নতি নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক সাফ জানিয়ে দেন, নিজের সামর্থ্যের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
দলের বোলিং বিভাগ এবং টিম কম্বিনেশন নিয়েও খোলামেলা আলোচনা করেন অধিনায়ক। বিশেষ করে স্পিনার বরুণ চক্রবর্তীর অফ-ফর্ম নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি। বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই বরুণ, যার প্রতিফলন ঘটেছে হায়দরাবাদ ম্যাচেও। রাহানে জানান, পরিস্থিতি অনুযায়ী বোলারদের ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনে নারিন বা বরুণের মতো বোলারদের কোটা কমানো হতে পারে। পাশাপাশি ক্যামেরন গ্রিন বোলিং না করায় কেকেআর-কে একজন বাড়তি বোলার নিয়ে খেলতে হচ্ছে, যার ফলে রাচিন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলের মতো তারকাদের মাঠের বাইরে থাকতে হচ্ছে।
দলের বর্তমান অস্থিরতা সত্ত্বেও সতীর্থদের ওপর আস্থা হারাচ্ছেন না কেকেআর অধিনায়ক। তাঁর মতে, টুর্নামেন্টের শুরুতে অনেক দলই সঠিক কম্বিনেশন খুঁজে পেতে লড়াই করে। গ্রিন দ্রুত বোলিং শুরু করলে দলের ভারসাম্য ফিরে আসবে বলে তিনি আশাবাদী। তরুণ ও অনভিজ্ঞ বোলিং ইউনিটকে আগলে রেখে রাহানে জানান, ড্রেসিংরুমের বিশ্বাস বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য। হারলেও তিনি প্রতিটি ক্রিকেটারকে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট শিবির।
