লেটেস্ট নিউজ

আমেরিকা ও ইজরায়েলকে চরম হুঁশিয়ারি মুজতবা খামেনেইয়ের প্রতিটি মৃত্যুর বদলা নেবে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বার্তায় আমেরিকা ও ইজরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন মুজতবা খামেনেই। রাষ্ট্রীয় দূরদর্শনে প্রচারিত এক বিশেষ বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে হরমুজ প্রণালী বন্ধই থাকবে এবং ইরানের প্রতিটি নাগরিকের রক্তের হিসাব নেওয়া হবে। বিশেষ করে মিনাবের শহীদ এবং নিহত শিশুদের মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান যে বদ্ধপরিকর, সেই বার্তাই তিনি দিয়েছেন।

প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে খামেনেই বলেন যে তাদের ভূখণ্ড থেকে মার্কিন সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়া উচিত। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই ইরান হামলা চালিয়েছে, কারণ ওই ঘাঁটিগুলো থেকেই ইরানের ওপর আক্রমণ করা হচ্ছিল। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সাধারণ লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মুজতবা খামেনেই আরও সতর্ক করেন যে যদি শত্রুপক্ষ ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ না দেয়, তবে ইরান তাদের সম্পত্তির ওপর অধিকার প্রতিষ্ঠা করবে অথবা তা ধ্বংস করে দেবে। এই কঠিন সময়ে তিনি হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভূমিকার প্রশংসা করে তাদের ইরানের ‘সেরা বন্ধু’ হিসেবে অভিহিত করেন। ইরানের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা নিশ্চিত করছে জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার আশ্বাস দেন এবং প্রতিশ্রুতি দেন যে কোনো শহীদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *