আমেরিকায় হাড়হিম কাণ্ড! পলাতক অভিবাসীকে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি, তোলপাড় অস্টিন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 21, 20267:48 am
টেক্সাস: আমেরিকায় অভিবাসীকে লক্ষ্য করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) আধিকারিকের গুলি চালানোর ঘটনায় চরম চাঞ্চল্য ছড়ালো। রবিবার আমেরিকার টেক্সাসের রাজধানী অস্টিনে এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ভেনেজ়ুয়েলার এক অভিবাসীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে অস্টিন পুলিশ।
কী ঘটেছিল অস্টিনের রাস্তায়? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ভেনেজ়ুয়েলার ব্যক্তির বিরুদ্ধে সম্প্রতি দেশত্যাগের (ডিপোর্টেশন) নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। তার পর থেকেই তিনি আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। রবিবার অস্টিনের রিসার্চ বুলেভার্ডের কাছে ওয়েস্ট অ্যান্ডারসন লেনে তাঁকে দেখতে পেয়ে পিছু ধাওয়া করেন ICE-এর এক আধিকারিক। ধরা পড়ার ভয়ে ওই ব্যক্তি দৌড়াতে শুরু করতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
এলোপাতাড়ি ৫ রাউন্ড গুলি! অস্টিন সিটি কাউন্সিলের সদস্য মাইক সিগেল বিস্ফোরক দাবি করে জানান, ওই ICE আধিকারিক প্রথমে নিজের গাড়ি দিয়ে অভিবাসীর গাড়িতে ধাক্কা মারেন। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করলে অত্যন্ত কাছ থেকে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালান তিনি। এর মধ্যে একটি গুলি সোজা এসে লাগে ওই ব্যক্তির পেটে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বিকট গুলির শব্দে রাস্তায় হুড়োহুড়ি ও আতঙ্ক তৈরি হয়। স্থানীয় সূত্রের দাবি, আশপাশের একাধিক গাড়িতেও গুলির স্পষ্ট দাগ মিলেছে।
তদন্তে পুলিশ, রাজনৈতিক উত্তাপ খবর পেয়ে অস্টিন পুলিশ দ্রুত পৌঁছায় এবং রক্তাক্ত অভিবাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন স্পষ্ট করেছেন, এই ঘটনার সঙ্গে অস্টিন সিটি পুলিশের কেউ জড়িত নন। অস্টিনের পুলিশ প্রধান লিসা ডেভিস জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পায়ে হেঁটে ধাওয়ার সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাটি ঘিরে মার্কিন রাজনীতিতে জলঘোলা শুরু হয়েছে। কংগ্রেস সদস্য গ্রেগ কাসার দ্রুত অভিযুক্তের ‘বডি ক্যামেরার ফুটেজ’ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন। আইন ভেঙে অনভিপ্রেত বলপ্রয়োগ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ICE আধিকারিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
