আমেরিকার ‘দূত’ হওয়াই কাল! হরমুজে পাকিস্তানি জাহাজ আটকে শক্তি দেখাল ইরান – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে হরমুজ প্রণালীতে। করাচিগামী কন্টেনার জাহাজ ‘সেলেন’-কে আটকে দিয়ে নিজেদের দাপট বুঝিয়ে দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)। তেহরানের দাবি, আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়াই জলপথ পার হওয়ার চেষ্টা করছিল জাহাজটি।
এই সংঘাতের নেপথ্যে রয়েছে পাকিস্তানের ‘ডাবল গেম’। একদিকে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে ওয়াশিংটনের ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব তেহরানের দরবারে পৌঁছে দিচ্ছে ইসলামাবাদ, অন্যদিকে এই কূটনৈতিক তৎপরতাকেই সন্দেহের চোখে দেখছে ইরান। ফলস্বরূপ, মধ্যস্থতা করতে গিয়ে উল্টে ইরানের রোষানলে পড়ল পাকিস্তান।
হরমুজ প্রণালীর এই অচলাবস্থায় নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের অর্থনীতির। দেশের ৯০ শতাংশ জ্বালানি তেল এই রুট দিয়েই আসে। সরবরাহ ব্যাহত হওয়ায় পাকিস্তানে চরম বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চার দিনের কর্মসপ্তাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো জরুরি পদক্ষেপ নিয়েছে শাহবাজ শরিফ সরকার। সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে শুরু হয়েছে নৌবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন মুহাফিজ-উল-বাহর’। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই জলপথে উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

