আমেরিকার দূষণে ভারতের পকেটে টান, ৪৭০ লক্ষ কোটি টাকার বিপুল লোকসান কি মেটাবে ওয়াশিংটন – এবেলা
এবেলা ডেস্কঃ
জলবায়ু পরিবর্তনের বিষবাষ্পে ছারখার বিশ্ব অর্থনীতি। সম্প্রতি ‘নেচার’ জার্নালে প্রকাশিত একটি চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। ১৯৯০ সাল থেকে আমেরিকার অনিয়ন্ত্রিত কার্বন নিঃসরণের ফলে বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ১০ ট্রিলিয়ন ডলার। যার সবথেকে বড় মাশুল গুনতে হচ্ছে ভারতকে।
ক্ষতির পাহাড়ে পিষ্ট ভারত ও ব্রাজিল
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী মার্শাল বার্কের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, মার্কিন দূষণের কারণে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৪,৭০,৫৫,৪৭,৫০,০০,০০০ টাকা)। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের লোকসান হয়েছে ৩৩০ বিলিয়ন ডলার। বিজ্ঞানীদের মতে, এই ক্ষতি কোনো আকস্মিক বিপর্যয় নয়, বরং তিলে তিলে একটি অর্থনীতিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান।
দূষণের প্রতিযোগিতায় আমেরিকা ও চীন
রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে পরিবেশ দূষণের মূল কারিগর দুই মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকা ও চীন। ১৯৯० পরবর্তী সময়ে আমেরিকা একচ্ছত্রভাবে কার্বন নিঃসরণে শীর্ষে থাকলেও বর্তমান পরিসংখ্যানে চীনও সমান তালে পাল্লা দিচ্ছে। যদিও আমেরিকার এই দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে খোদ মার্কিন মুলুকও, তবে ভারত বা ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলোর ওপর এর প্রভাব কয়েক গুণ বেশি মারাত্মক।

