আমেরিকার মন্দিরে রক্তের হোলি খেলার ছক, মার্কিন মুলুকে চড়ছে ভারতবিরোধী বিদ্বেষের পারদ – এবেলা

এবেলা ডেস্কঃ
আমেরিকার শিকাগোয় একটি হিন্দু মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ইলিনয়ের অরোরা এলাকার ওই মন্দিরে হামলার ছক কষা আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের এক তরুণকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ধৃতের পাঠানো একটি ডিজিটাল নথিতে ভারতীয়, ইহুদি এবং আফ্রিকান-আমেরিকানদের প্রতি চরম বিদ্বেষমূলক মনোভাবের প্রমাণ মিলেছে। শ্বেতাঙ্গ আধিপত্যে বিশ্বাসী ওই অভিযুক্ত নথিতে এই জাতিগোষ্ঠীর মানুষকে হত্যার ঘৃণ্য পরিকল্পনার কথা উল্লেখ করেছিল। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়েছে, আমেরিকার মাটিতে এই ধরণের বর্ণবিদ্বেষী এবং ভারতবিরোধী মনোভাব চরম উদ্বেগের বিষয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে আমেরিকায় বসবাসকারী সমস্ত ভারতীয় বংশোদ্ভূতদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মার্কিন প্রশাসনকে আরও কঠোর ও সতর্ক পদক্ষেপ করার আহ্বান জানিয়েছে ভারত। হিংসার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে জ়িরো টলারেন্স নীতি গ্রহণের প্রস্তাবও দিয়েছে দিল্লি। ইতিমধ্যে ধৃত তরুণের বিরুদ্ধে হামলার হুমকি দেওয়া এবং বেআইনি অস্ত্র মজুত রাখার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হওয়ার পরই বড় ধরনের অনর্থ থেকে রক্ষা পেয়েছে মন্দির চত্বর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, ভারতীয়দের বিরুদ্ধে এ ধরণের হিংসাত্মক মনোভাব ও ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্তযোগ্য নয় এবং বিষয়টি নিয়ে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।
