আর ওয়াই প্লাস নয়, আচমকা কেন কমল অধীর চৌধুরীর নিরাপত্তা? – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন টানাপোড়েনের পর অবশেষে হ্রাস পেল কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা বলয়। সূত্রের খবর, চব্বিশের লোকসভার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও পরাজিত এই নেতার নিরাপত্তা ‘ওয়াই প্লাস’ থেকে কমিয়ে ‘এক্স’ ক্যাটাগরি করা হয়েছে। কোনো পদে না থেকেও কেন তিনি এতদিন উচ্চ নিরাপত্তা পাচ্ছিলেন, তা নিয়ে আগে থেকেই সরব হয়েছিল তৃণমূল। অবশেষে নিয়ম মেনেই তাঁর নিরাপত্তা জওয়ানের সংখ্যা হ্রাস পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
এই আকস্মিক পরিবর্তনের পর মুখ খুলেছেন খোদ অধীর চৌধুরী। তিনি স্পষ্ট জানান, নিরাপত্তা কমেছে না বেড়েছে তা তাঁর জানা নেই এবং তিনি কখনো সরকারের কাছে নিরাপত্তা দাবি করেননি। এর মাধ্যমে বিজেপির সঙ্গে তাঁর গোপন আঁতাতের জল্পনা কার্যত উড়িয়ে দিলেন এই বর্ষীয়ান নেতা। তবে হঠাৎ এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
